দ্রব্যমূল্য নিয়ে অসত্য প্রধানমন্ত্রীর ভাষণ :মির্জা ফখরুল

ঢাকা- জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে অসত্য ভাষণ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানিকগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার তিনি বলেন, “প্রধানমন্ত্রীর স্বভাব হচ্ছে মিথ্যা ও অসত্য ভাষণ দেওয়া। তিনি যখন বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে এনেছেন, তখন বলতে হয়, দেশের সমস্যা ও সংকট থেকে মানুষের দৃষ্টি ভিন্নখাতে নিতেই প্রধানমন্ত্রী এ রকম মিথ্যাচার করে যাচ্ছেন।”

বুধবার বিকালে মানিকগঞ্জে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে ২০০১ সালে যাওয়ার সময় আমরা চালের দাম রেখে যাই ১০ টাকা। পরবর্তীতে চারদলীয় জোট ক্ষমাতায় এলে জনগণ ৪০ টাকা কেজি দরে চাল কেনে। এবার আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানানোর পর এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, “সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে এ ধরনের ঘটনা ঘটছে। বিএনপি এই ঘটনার নিন্দা ও ক্ষতিপূরণ দাবি করছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার যুবক হাবিবুর রহমানকে গত ৯ ডিসেম্বর পশ্চিমবঙ্গের কাহারপাড়া সীমান্ত চৌকিতে আটকে রেখে নির্যাতন চালায় বিএসএফ সদস্যরা। ওই ঘটনার ভিডিও ভারতীয় গণমাধ্যমে প্রচারের পর আট জওয়ানকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।

মির্জা ফখরুল বলেন, “এর আগেও সীমান্তে অনেক বাংলাদেশিকে বিএসএফ হত্যা করেছে। ফেলানিকে হত্যা করে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিলো। এসব ঘটনায় সরকার কোনো প্রতিবাদ করেনি।”

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া ট্রাস্ট মামলায় দুদকের অভিযোগপত্র দেওয়ার বিষয়ে ইংগিত করে মানিকগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাাসিনা বলেন, “যারা এতিমদের অর্থ মেরে খায়, তাদের জনগণ ক্ষমতায় যেতে দেবে না।

এর প্রতিবাদ করে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছেন। জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট একটি বেসরকারি প্রতিষ্ঠান। সেখানে কোনো দুর্নীতি হয়নি। অথচ সরকার রাজনৈতিক প্রতিহিংসায় বিরোধী দলীয় নেতার ভাবমূর্তি ক্ষুণœ করতে এ রকম মিথ্যা মামলা দিয়েছে। এর আগে বেলা ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

খান ::অল টাইম নিউজ::