সেনা অভ্যুত্থানের বিষয়টি দেশবাসীকে জানাবে বিএনপি

 

ঢাকা- গত কয়েকদিন ধরে সেনা অভ্যুত্থানের বিষয়টি নিয়ে বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্যের বিষয়টি পূর্ণ ব্যাখ্যা করে দেশবাসীকে জানাবে বিএনপি। রোববার বিকেল ৪ টায় গুলশানে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ কথা জানাবেন। শনিবার রাত আটটা থেকে দশটা পর্যন্ত গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলটির দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

 

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার  মোশাররফ হোসেন, আরএ গনি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, জমির উদ্দিন সরকার, ফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান। 

 

বৈঠকে জাতীয় সংসদের ১২ তম অধিবেশনে যোগদানের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। 

 

সংসদে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া এমনটাই মত দিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। আগামী ২৫ জানুয়ারি সংসদের ১২তম সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে সূত্র জানায়।