আফগানিস্তানে একসঙ্গে ৬ সন্তানের জন্ম

ঢাকা- আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে এক আফগান নারী একসঙ্গে ছয় শিশুর জন্ম দিয়েছেন। অথচ ওই নারী বুঝতেও পারেননি, তিনি একের অধিক সন্তান বহন করছেন। 

সোমবার মাজার-ই-শরিফের একটি হাসপাতালে বিরল এই ঘটনা ঘটে। 

নবজাতকদের মধ্যে তিনটি মেয়ে ও তিনটি ছেলে শিশু। ছ’টি শিশুই সুস্থ আছে। প্রথমবারের মতো ওই নারী সন্তানের মা হলেন। 

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সোমবারই ওই নারী হাসপাতালে ভর্তি হন। বিস্মিত চিকিৎসকরা জানান, প্রাকৃতিকভাবে ছয় সন্তান জন্মদান একটি অতি বিরল ঘটনা। 

 

শারাহ নামের ২৪ বছর বয়স্ক ওই মা বলখ প্রদেশের প্রত্যন্ত একটি গ্রামের বাসিন্দা। বলখের প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা মিরওয়াইস র‌্যাবি বিবিসিকে জানান, ছয়টি বাচ্চাই সুস্থ আছে। তবে তাদের ওজন কম। এদের মধ্যে শুধু একজনের ওজন প্রায় ৭শ’ গ্রামের মতো। 

 

বাচ্চাগুলোকে ইনকিউবিটরে রাখা হয়েছে এবং ডাক্তার ও নার্সদের একটি বিশেষ দল তাদের দেখভাল করছে। বাচ্চাদের মা সুস্থ আছে। তবে তিনি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন।