
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা স্টেট অব ইউনিয়ন ভাষণে উচ্চ ও নিম্নবিত্তদের জন্য অভিন্ন আইনের প্রস্তাব দিয়েছেন। এরই অংশ হিসেবে উচ্চবিত্তদের কর বৃদ্ধিসহ বন্ধকী ঋণের সংকট নিরসনের প্রতিশ্র“তি দিয়েছেন।
দৃশ্যত, চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ভোটারদের পক্ষে টানার জন্য নানা প্রতিশ্র“তিতে সাজানো ছিলো তার এই ভাষণ। মঙ্গলবার কংগ্রেসে দেওয়া প্রেসিডেন্টের বার্ষিক এই ভাষণ টেলিভিশনে সরাসরি স¤প্রচার করা হয়। এতে ওবামা যুক্তরাষ্ট্রের কর ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনার প্রস্তাব দেন। উচ্চবিত্তদের ওপর অন্ততপক্ষে ৩০ শতাংশ কর বৃদ্ধির প্রস্তাব এর মধ্যে উল্লেখযোগ্য।
এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে বিরাজমান অসাম্য দূর করতে চান ওবামা। যুক্তরাষ্ট্রের কর ব্যবস্থায় মধ্যবিত্তদের তুলনায় উচ্চবিত্তদের করের হার কম।
২০০৭ -০৯ সালের অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আবার ঘুরে দাড়াচ্ছে বলে ভাষণে দাবি করেন ওবামা।
যুক্তরাষ্ট্রের বাড়ির মালিকদের বন্ধকী ঋণ থেকে রেহাই দেওয়ার একটি নতুন খসড়া প্রস্তাবও ভাষণে পেশ করেন তিনি। তার এ প্রস্তাব জনপ্রিয় হবে বলে বিশ্লেষকদের ধারণা।
ভাষণে যুক্তরাষ্ট্রের ধনী-গরীব সবার জন্য একই আইন করার আহ্বান জানান তিনি।
“প্রতিদিন কঠোর পরিশ্রম করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রত্যেকের জন্য একটি কার্যকরী সরকার ও কার্যকরী অর্থনৈতিক ব্যবস্থা থাকা দরকার। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত সবার জন্য একই আইন হওয়া প্রয়োজন,” বলেন তিনি।
চলতি বছরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ‘কর’ একটি প্রধান ইস্যু হবে বলেই ধারণা করা হচ্ছে।
| Tweet |